রাজনগরে দু'পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ৫



নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার সদরের স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে দু'পক্ষের সংঘর্ষে ১ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৬ আগস্ট) রাতে রাজনগর বাজারে ঘটনাটি ঘটে।

জানা যায়, রাতে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে পাওনা টাকা নিয়ে দু'পক্ষের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এরই এক পর্যায়ে দু'পক্ষ সংঘর্ষে জড়ায়। উভয়পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ শুরু করে। আক্রমণে দেশীয় অস্ত্রের আঘাতে ওয়ার্ড বিএনপির সভাপতি ইউসুফ মিয়া মারাত্মক আহত হন। পরে সেখান থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে তাকে মৌলভীবাজার-২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে আসা হলে সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। 

হামলার ঘটনায় নিহত ইউসুফ মিয়ার চাচাতো ভাই হারুন মিয়া জানান, আমার চাচাতো ভাইয়ের নোমান আহমদ ও আশরাফ আলী রুবেলের কাছে ৫০ হাজার টাকা পাওনা ছিল। সেই টাকা দীর্ঘদিন থেকে তারা দিচ্ছেন না। তিনি টাকা খুঁজলে দিমু দিচ্ছি বলিয়া হয়রানি করতেন। পাওনা টাকার জন্য আমরা বেশ কয়েকজন তাদের বাড়িতে গেলে তারা আমাদের উপর আক্রমণ করে। 

তিনি বলেন, ঘটনার একপর্যায়ে নোমান আহমদ আমার চাচাতো ভাই ইউসুফ মিয়ার মাথায় লাঠি দিয়ে আক্রমণ করলে তিনি সেখানে লুটিয়ে পড়েন। পরে আমরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান। আমরা এই হত্যার উপযুক্ত বিচার চাই।

এঘটনায় রাজনগর বাজারের অবস্থা থমথমে ছিল বলে জানান স্থানীয় বিএনপি নেতা জুবায়ের রহমান চৌধুরী।

বিএনপি নেতা নুরুল ইসলাম সেলুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান আমরা এই হত্যার বিচার চাই।