কুলাউড়ায় বহিষ্কৃত বিএনপি নেতার পরিবারকে হুমকি, অভিযোগ গ্রহণ করেনি পুলিশ

কুলাউড়া প্রতিনিধি::

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ ইসলাম উদ্দিনকে দল থেকে বহিষ্কারের পর তাঁর পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন, অপমান ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী পরিবারের অভিযোগ, শনিবার (১১ জুলাই) বিকেলে স্থানীয় বিএনপি নেতা সালাম আহমেদের নেতৃত্বে জামাল সিদ্দিক, কাসেম আলী, রহিম মিয়াসহ বিএনপির কয়েকজন নেতা ইসলাম উদ্দিনের বাড়িতে যান। সেখানে তারা পরিবারের সদস্যদের ভয়ভীতি প্রদর্শন ও অপমান করেন। 

সরজমিনে সেখানে গেলে কথা হয় পরিবারটির সাথে। পরিবারটি অভিযোগ করে জানায়, ইসলাম উদ্দিনের বৃদ্ধ পিতাকে অবরুদ্ধ করে তাঁর ছেলেকে দেশে পেলে মামলা, হামলাসহ এমনকি হত্যার হুমকি দেওয়া হয়।

পরিবারটির দাবি, ঘটনার পরদিন রবিবার ইসলাম উদ্দিনের ভাই কুলাউড়া থানায় লিখিত অভিযোগ দিতে গেলে থানা কর্তৃপক্ষ অভিযোগ গ্রহণ করেননি। তাদের ভাষ্য, অভিযোগ গ্রহণ না করায় তারা ন্যায়বিচার থেকে বঞ্চিত হয়েছেন। এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তারা।

ইসলাম উদ্দিনের পরিবার জানায়, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের সময় মোহাম্মদ ইসলাম উদ্দিন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের পক্ষে অনলাইনে নির্বাচনী প্রচারণায় অংশ নিয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করেই পরবর্তীতে তাঁর বিরুদ্ধে দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগ এনে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে পরিবারের দাবি।

এ বিষয়ে জানতে স্থানীয় বিএনপি নেতা সালাম আহমেদের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ জহিরুল ইসলাম মুন্নার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশ পর্যন্ত তাঁর কোনো মন্তব্য পাওয়া যায়নি।