মৌলভীবাজারে যুবলীগ নেতার মায়ের উপর হামলা

রাজনগর প্রতিনিধি:

মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার বেতাহুঞ্জা গ্রামে প্রবাসী যুবলীগ নেতা জুবায়ের আহমেদের মায়ের ওপর নির্মম হামলার ঘটনা ঘটেছে। হামলায় গুরুতর আহত হয়েছেন রেজিয়া বেগম (৫০) নামের বৃদ্ধ মহিলা। বর্তমানে তিনি রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকালে হামলার ঘটনাটি ঘটে। এসময় রেজিয়া বেগমের স্বামী সাইস্তা মিয়াও হামলার শিকার হন। 

পরিবার সূত্রে জানা যায়, রাতে রেজিয়া বেগম চিকিৎসা সংক্রান্ত কিছু প্রয়োজনীয় জিনিসপত্র আনার জন্য বাড়িতে পৌঁছান। ভোর ছয়টার দিকে তিনি বাড়ি থেকে বের হওয়ার সময় স্থানীয় বিএনপি নেতা পংকি মিয়া ও কর্মীদের একটি গ্রুপ তাদের উপর হামলা চালায়।

প্রত্যক্ষদর্শী তৈরুন নেছা, আতিকুর রহমান, বুলবুল মিয়া অভিযোগ করে বলেন, হামলাকারীরা দীর্ঘদিন ধরে তাদের খুঁজছিল। ঘটনার আগের রাতে রেজিয়া বেগমকে বাড়িতে ফিরতে দেখেছিল। পংকি মিয়া পরিকল্পনা অনুযায়ী দলের সবাইকে একত্রিত করে সকালে আকস্মিকভাবে বাড়িতে থাকা সবার উপর হামলা চালায়। হামলায় গুরুত্বর আহত হন রেজিয়া বেগম। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। 

পরিবার জানায়, রাজনৈতিক প্রতিহিংসার প্রেক্ষিতে এই হামলা চালানো হয়েছে। হামলাকারীরা প্রভাবশালী হওয়ার কারণে অনেকেই এ ঘটনায় মুখ খুলতে সাহস পাচ্ছেন না। এ ঘটনার পর থেকে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ঘটনাটি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।