নিজস্ব প্রতিবেদক::
অতি বৃষ্টির কারণে মৌলভীবাজার জেলার সবগুলো নদ নদীতে পানি বেড়েছে। বৃষ্টির কারণে রাতেই মনু নদীর পানি বিপদসীমা অতিক্রম করে। এছাড়া ধলাই নদীর পানিও বিপদসীমা অতিক্রম করেছে। এদিকে ধলাই নদীর ইসলামপুর অংশে রাতে ভাঙন দেখা দেয়। বাঁধের ভাঙনে ৪-৫টি গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
গতকাল থেকে জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে মঙ্গলবার সকাল থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলায় বৃষ্টিপাত হয়েছে ১৮৬ মিলিমিটার। বুধবার সকাল থেকে জেলায় পুরো দিন বৃষ্টি ছিল। দিনে কিছু সময় বৃষ্টি কম থাকলেও দুপুর থেকে বৃষ্টি বেড়েছিল। রাতের দিকে কমলেও আবার শুরু হয় বৃষ্টি। তবে বৃহস্পতিবার সকালে হালকা বৃষ্টি হলেও আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে দিনে আরও বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জেলার প্রধান নদীগুলোর মধ্যে মনু ও ধলাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। মনু নদীর রেলওয়ে এলাকায় বিপদসীমার ৫৫ সেন্টিমিটার, মনু নদীর চাঁদনীঘাট অংশে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার নিচ দিয়ে, ধলাই নদীর ৩৩ সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। এছাড়া কুশিয়ারা নদীর ৩১ সেন্টিমিটার ও জুড়ী নদীর পানি বিপদসীমার ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ জানান, বৃষ্টি অব্যাহত থাকায় নদীতে পানি বাড়ছে। মনু ও ধলাই নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। ধলাই নদীর একটি অংশে ভাঙনের সৃষ্টি হয়েছে। বর্তমানে সবগুলো নদীতে পানি বাড়ছে।
