মৌলভীবাজারে বাড়ছে নদ নদীর পানি



নিজস্ব প্রতিবেদক::

অতি বৃষ্টির কারণে মৌলভীবাজার জেলার সবগুলো নদ নদীতে পানি বেড়েছে। বৃষ্টি অব্যাহত থাকলে নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হবে। বুধবার বিকেল পর্যন্ত সবগুলো নদীর পানি বিপদসীমা অতিক্রম করেনি।

গতকাল থেকে জেলাজুড়ে বৃষ্টি অব্যাহত রয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গতকাল সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত জেলায় বৃষ্টিপাত হয়েছে ৯১ মিলিমিটার। বুধবার সকাল থেকে জেলায় বৃষ্টি হচ্ছে। দিনে কিছু সময় বৃষ্টি কম থাকলেও দুপুর থেকে বৃষ্টি বেড়েছিল।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে বুধবার বিকেল পর্যন্ত জেলার প্রধান নদীগুলোর পানি বিপদসীমা অতিক্রম করেনি। বিকেলে মনু নদীর রেলওয়ে এলাকায় বিপদসীমার ১৪৫ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হয়েছিল। এছাড়া মনু নদীর চাঁদনীঘাট অংশে বিপদসীমার ৯৩ সেন্টিমিটার নিচ দিয়ে, ধলাই নদীর ১০৩ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর ৮৫ সেন্টিমিটার ও জুড়ী নদীর ৬৯ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ জানান, বৃষ্টি অব্যাহত থাকায় নদীতে পানি বাড়ছে। নদীর বাঁকগুলোতে কোন সমস্যা দেখা দিলে আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নেব। এজন্য আমাদের প্রয়োজনীয় সংখ্যক লোকজন আছে। এবং আমাদের প্রস্তুতিও আছে।

এদিকে অতি বৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষ পড়েছেন বিপাকে। বৃষ্টি অব্যাহত থাকায় তারা কাজে যেতে পারেননি। দিনমজুর থেকে রিকশা ও ভ্যান চালকেরা অসহায় হয়ে পড়েছেন। এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে তাদের না খেয়ে থাকতে হবে বলে কয়েকজন জানান।