নিজস্ব প্রতিবেদক::
২০২৬ সালের এইচএসসি ও আলিম পরীক্ষার্থীদের সাথে অন্যায় ও বৈষম্যের প্রতিবাদে ও শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে মৌলভীবাজারে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা।
বুধবার (১৫ জুলাই) দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাব থেকে বিক্ষোভ শুরু করে শিক্ষার্থীরা। এসময় তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে বিভিন্ন স্লোগান দেয়। লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে, জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে, দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা। আমার ভাই পানিতে, মিলন কেন এসিতে? এক দুই তিন চার, মিলন তুই গদি ছাড়। তুমি কে আমি কে? মুরগী মুরগী। তুমি কে আমি কে? ফার্মের মুরগী ফার্মের মুরগী।
পরে তারা চৌমুহনায় গিয়ে সড়ক অবরোধ করে বসে পড়ে। শিক্ষার্থীদের অবরোধের কারণে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সড়কে গাড়ির লম্বা লাইন দেখা যায়। প্রায় ঘণ্টাখানেক অবস্থান করে শিক্ষার্থীরা মন্ত্রীর পদত্যাগের দাবি জানিয়ে রাস্তা ছেড়ে দেয়।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া শাফি তালুকদার ও
রাফি আহমেদ জানান, দেশের বিভিন্ন জায়গার মতো মৌলভীবাজার জেলায়ও বন্যা হয়। আমাদের ভাইয়েরা ঘরে পানি রেখে ভিজে এসে পরীক্ষা দিতে হয়েছে বন্যার মধ্যে। এই অবস্থায় কি পরীক্ষা কয়েকদিন পেছানো যেত না? কিন্তু শিক্ষামন্ত্রী পরীক্ষা না পিঁছিয়ে বন্যার মধ্যে পরীক্ষা নিলেন। এতে দেখা গেল বেশ কয়েকজন পরীক্ষার্থী ভিজে এসে পরীক্ষা দিতে হয়ে।
শিক্ষার্থীরা বলেন, শিক্ষামন্ত্রী আমাদেরকে ফার্মের মুরগী বলেছেন। আমরা তার এই মন্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং সেই সাথে অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি।
