নিজস্ব প্রতিবেদক::
শিশুদের মধ্যে জলাতঙ্ক (রেবিস) রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে প্রয়োজনীয় করণীয় তুলে ধরতে মৌলভীবাজার সদর উপজেলার শহীদ জিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে রেবিস সচেতনতা সেমিনার।
মঙ্গলবার (২৯ জুলাই) সকালে ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মৌলভীবাজার সদর উপজেলা-এর উদ্যোগে আয়োজিত এ সেমিনারে শিক্ষার্থীদের জলাতঙ্ক রোগের কারণ, লক্ষণ, সংক্রমণের ঝুঁকি এবং আক্রান্ত হলে দ্রুত করণীয় সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি কুকুর বা অন্যান্য প্রাণীর কামড়ের পর বিলম্ব না করে চিকিৎসকের পরামর্শ নেওয়া এবং প্রয়োজনীয় টিকা গ্রহণের গুরুত্বও তুলে ধরা হয়।
আয়োজকরা জানান, শিশুদের মধ্যে সচেতনতা তৈরি করা গেলে জলাতঙ্ক প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব। তাই তথ্যভিত্তিক ও অংশগ্রহণমূলক এ আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সহজ ভাষায় বিষয়টি বোঝানোর চেষ্টা করা হয়েছে।
সেমিনার শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি তথ্যভিত্তিক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থীরা উৎসাহ ও আগ্রহের সঙ্গে অংশ নেয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী পর্বে উপস্থিত ছিলেন ভলান্টিয়ার ফর বাংলাদেশ (ভিবিডি) মৌলভীবাজার সদর উপজেলা শাখার চেয়ারম্যান নাজমুল ইসলাম ফাহিম, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, ভিবিডির স্থানীয় স্বেচ্ছাসেবক এবং শিক্ষার্থীরা।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে জনস্বাস্থ্য বিষয়ে ইতিবাচক মনোভাব গড়ে তুলবে এবং জলাতঙ্ক প্রতিরোধে সচেতন সমাজ বিনির্মাণে কার্যকর ভূমিকা রাখবে।
