নিজস্ব প্রতিবেদক::
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলায় মনু নদীর বাঁধ ভেঙে ৪টি ইউনিয়নের ৩০টি গ্রাম প্লাবিত হয়েছে। নদী ভাঙনে ৫০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। মনু নদীর ভাঙনে স্রোতের টানে পড়ে প্রাণ হারান ৭০ বয়সী আশরাফ আলী আসই নামের এক বৃদ্ধ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে গত তিন দিনে জেলায় বৃষ্টিপাত হয়েছে ২০২ মিলিমিটার। শুক্রবার সকাল থেকে জেলাজুড়ে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে আরও বৃষ্টি হবার সম্ভাবনা রয়েছে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে জেলার প্রধান নদীগুলোর মধ্যে মনু নদীর পানি বিপৎসীমার উপর উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। মনু নদীর চাঁদনীঘাট অংশে বিপৎসীমার ৭৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া ধলাই, কুশিয়ারা ও জুড়ী নদীর পানি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।
একামধু গ্রামের মকদ্দুস মিয়া ও গিয়াস মিয়া বলেন, বাড়িতে পানি উঠায় আমরা মনু নদীর প্রতিরক্ষা বাঁধে আশ্রয় নিয়েছি। ছেলে সন্তানদের নিয়ে থাকার জায়গা না থাকায় এখানে আশ্রয় নিতে বাধ্য হলাম।
কান্দিরকুল গ্রামের পৃথ্বী রানী ও খায়রুন বেগম বলেন, বাঁধ ভেঙে আমাদের বসতবাড়িতে পানি ঢুকে গেছে। আমরা গবাদিপশু সহ জরুরি জিনিসপত্র নিয়ে এখানে আশ্রয় নিয়েছি।
এদিকে রাতে মনুনদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙ্গনে বাড়ির সামনের রিং বাধ ভেঙ্গে গেলে স্রোতের টানে পড়ে প্রাণ হারান ৭০ বয়সী আশরাফ আলী আসই।
আশরাফ আলী রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের আকুয়া গ্রামের বাসিন্দা। বাঁধ ভাঙ্গার পর তিনি নিরাপদ আশ্রয়ে যাওয়ার প্রস্তুতি নেন। এরপর থেকে তাকে পরিবারের সদস্যরা আর খোঁজে পায়নি। সকালে বানের পানিতে তার মরদেহ ভেসে উঠে।
শুক্রবার (১০ জুলাই) সকালে তার মরদেহ বাড়ির পাশে পানির স্রোতে ভেসে যেতে দেখা যায়। স্থানীয়রা মরদেহটি সনাক্ত করে নিহতের পরিবারকে জানায়।
এলাকার মজনু মিয়া বলেন, হঠাৎ ভাঙ্গনের কারনে মানুষকে উদ্ধার করতে কেহ এগিয়ে আসেনি। রাতের আধাঁরে নারী শিশু বৃদ্ধ বয়সিরা বেকায়দায় পড়েছিল। আশরাফ আলী তাড়াহুড়া করতে গিয়েই বানের স্রোতে ভেসে যান।
বিষয়টি নিয়ে কথা হলে টেংরা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মতিন বলেন, বানের পানিতে ডুবে বৃদ্ধ আশরাফ আলীর মৃত্যু হয়েছে। রাস্তাঘাট জলমগ্ন থাকায় নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা যাচ্ছে না। তবে ঘটনার সত্যতা পাওয়া গেছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফরিদ উদ্দিন আহমদ ভুইঁয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বৃদ্ধ লোক হয়তো অসাবধানতার কারনে পানিতে পড়ে যান এবং তার মৃত্যু হয়।
