শ্রীমঙ্গলে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩, আহত ৫

 

নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার লচনা এলাকায় যাত্রীবাহী বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

​মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে শ্রীমঙ্গল মিরপুর সড়কের লচনা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

​স্থানীয় সূত্রে জানা যায়, লচনা এলাকায় দ্রুতগতির একটি যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হন আরও ৫ জন। তারা যাত্রীবাহী বাসের ও অটোরিকশার যাত্রী।

​খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান পরিচালনা করেন। আহতদের আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

​তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় পাওয়া যায়নি। পুলিশ ও ফায়ার সার্ভিস নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

​দুর্ঘটনার পর শ্রীমঙ্গল-মৌলভীবাজার সড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ সড়ক থেকে দুর্ঘটনাকবলিত গাড়ি সরিয়ে নিলে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

​বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল থানা পুলিশ জানায়, আহতদের চিকিৎসাসেবা নিশ্চিত করার পাশাপাশি নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ প্রক্রিয়াধীন।