কুলাউড়া প্রতিনিধি::
মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার দুর্গাপুর গ্রামে তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার বিষয়ে সচেতনতামূলক সেমিনার আয়োজনের জেরে আয়োজক মোহাম্মদ জসিম উদ্দিনের ওপর হামলার ঘটনা ঘটেছে। শনিবার (১৫ জানুয়ারি) বিকেলে হামলার ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপুর গ্রামের মছদ্দর আলীর ছেলে জসিম উদ্দিন শুক্রবার সকালে “আমরা সবাই মানুষ” নামক একটি সামাজিক সংগঠনের উদ্যোগে তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তিকে নিয়ে একটি সচেতনতামূলক সেমিনারের আয়োজন করেন। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার, সামাজিক স্বীকৃতি এবং বৈষম্যবিরোধী কর্মকাণ্ড নিয়ে কাজ করে আসছেন। তবে এই উদ্যোগ স্থানীয় কিছু রক্ষণশীল মহল, বিশেষ করে মাস্টার আব্দুল বারী এবং তার অনুসারীদের মধ্যে অসন্তোষের সৃষ্টি করে। বিষয়টি নিয়ে বেশ কিছুদিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিকতায় শনিবার বিকাল আনুমানিক ৪টার দিকে আব্দুল বারীর নেতৃত্বে একদল ব্যক্তি জসিম উদ্দিনের বাড়িতে হামলা চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা লাঠি, রামদা, হকিস্টিকসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ভাঙচুর করে এবং জসিমকে জোরপূর্বক ঘর থেকে বের করে শারীরিকভাবে নির্যাতন করে।
হামলার শিকার জসিম উদ্দিন জানান, “আমি শুধুমাত্র সমাজে অবহেলিত তৃতীয় লিঙ্গের মানুষের অধিকার ও সচেতনতা নিয়ে কাজ করছিলাম। এই কাজের জন্য আমাকে টার্গেট করা হয়েছে। হামলার সময় আমাকে মারধর করা হয় এবং আমার বাড়িঘরে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে। আমি আমার এবং আমার পরিবারের নিরাপত্তা নিয়ে শঙ্কিত।”
এ ঘটনায় অভিযুক্ত মাস্টার আব্দুল বারীর সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মানবাধিকারকর্মীরা এ ধরনের হামলার নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুছ ছালেক জানান, “ঘটনাটি আমরা জেনেছি এবং এ বিষয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”