মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের বাঘেরটেকি এলাকায় নিখোঁজ হওয়ার একদিন পর নদীর পাড় থেকে রিপন নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার রাতে উপজেলার টিলাগাঁও ইউনিয়নের চকসালন বাঘেরটেকি এলাকায় নদীর পাড়ে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। নিহত যুবকের নাম রিপন মিয়া (২৭)। তার বাড়ি কুলাউড়া উপজেলার আলীনগর গ্রামে। সে স্থানীয় আনু মিয়ার ছেলে জানা গেছে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, সোমবার রাত ১১ টায় দিকে রিপন বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। একদিন পর নদীর পাড়ে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। রিপনের অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে নানা প্রশ্ন দেখা দিয়েছে স্থানীয়দের মধ্যে।
এ বিষয়ে কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্ল্যা বলেন, “নদীর পাড় থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
