২০ বছর পরে মৌলভীবাজারে ১৩ ডাকাতের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক::

২০ বছর পর মৌলভীবাজারে ১৩ ডাকাতের যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (০৫ মে) মৌলভীবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক শামসাদ বেগম এই রায় ঘোষনা করেন।

মামলার সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিয়ামুল হক বলেন, ১৩ আসামীর বিরুদ্ধে ডাকাতির অভিযোগ প্রমানিত হওয়ায় তাদেরকে যাবজ্জীবন কারাদন্ড প্রদান করা হয়েছে এবং প্রত্যেককে আরো ২৫,০০০/- টাকা করে অর্থদন্ড, অনাদায়ে ০১ বছর করে সাজা প্রদানের আদেশ হয়েছে।

মামলায় সাজা প্রাপ্ত আসামীরা হলেন মিলন মিয়া, রাহেল, দুলাল মিয়া, শাহেদ, সেলিম, সাতির ওরফে শাকিল, জুনাব আলী, কামাল, মকরম, নকুল ওরফে সুমন, খোকন, জাকারিয়া, জামাল সকল আসামীদের বাড়ি কুলাউড়া ও বড়লেখাসহ জেলার বিভিন্ন উপজেলার ভিন্ন ভিন্ন গ্রামে। 

রায় ঘোষণার সময়  ৩ আসামী উপস্থিত ছিল।   তাদেরকে সাজা পরোয়ানায় হাজতে প্রেরন করা হয়েছে। বাকি আসামীরা পলাতক থাকায়  তাদের বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারী করা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, কুলাউড়া উপজেলার  কর্মদা গ্রামের বাসিন্দা মো: মারুফ আহমদ এর বসত ঘরে বিগত ২৮/০২/২০০৫ ইং তারিখে ডাকাতি ও ধর্ষণ সংঘঠিত  হওয়ায় তিনি থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ ২০ বছর পরে মামলার রায় ঘোষনা করা হল। 

মামলার সরকার পক্ষের আইনজীবী অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর নিয়ামুল হক বলেন, মামলায় ধর্ষণ সংক্রান্ত অভিযোগের জন্য আলাদা চার্জশীটের প্রেক্ষিতে নারী ও শিশু আদালতে আলাদা মামলা চলমান রয়েছে।

তিনি বলেন, এই রায় অবশ্যই একটি দৃষ্টান্ত হিসাবে কাজ করবে। ডাকাতি একটি ভয়াবহ ঘটনা যা সমাজ, পরিবার, শারীরিক, মানষিকভাবে প্রভাব ফেলে। দৃষ্টান্তমুলক সাজা প্রদান সমাজ থেকে অপরাধ নির্মূলে কাজ করতে অবশ্যই গুরুত্ববহন করে। রায়টি ঘোষণার মাধ্যমে বাদী ন্যায় বিচার পেয়েছেন।