বেআইনিভাবে গ্রেফতার, মৌলভীবাজারের অলি আহমদের মুক্তির দাবিতে পরিবারের সংবাদ সম্মেলন



নিজস্ব প্রতিবেদক::

মৌলভীবাজারে “রংধনু প্রিন্টার্স” এর পরিচালক অলি আহমদ এর মুক্তির দাবিতে তার পরিবারের সদস্যরা সংবাদ সম্মেলন করেন। ৬ ফেব্রুয়ারী দুপুরে মৌলভীবাজার প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন করেন। বিনা বিচারে অলি আহমদ এর কারাবরণের ১ বছর পূর্ণ হওয়ায় এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে অলি আহমদ এর পরিবারের সদস্যরা বলেন, সম্পূর্ণ অন্যায়ভাবে পুলিশ ২০২২ সালের ৬ ফেব্রুয়ারী আমাদের পরিবারের ছোট ছেলে অলি আহমদ’কে তার ব্যবসা প্রতিষ্ঠান রংধনু প্রিন্টার্স থেকে গ্রেফতার করে দুইটি মামলায় কারাগারে পাঠায়। আমরা আইনীভাবে অনেক চেষ্টা করেও তার জামিন করাতে পারছি না। সে কারাগারে থাকায় তার লেখাপড়া ও ব্যবসায় বড় ধরনের ক্ষতি হয়। যা কোনোভাবে পুষিয়ে উঠা সম্ভব নয়। তার কোনো অপরাধ না থাকার পরেও বেআইনীভাবে তাকে গ্রেফতার করা হয়েছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অলি আহমদ এর পিতা ব্যবসায়ী মো: এলাইছ মিয়া, মাতা মোছা: আয়েশা বেগম, বড় বোন কলি বেগম ও ছালিমা বেগম। এছাড়াও মৌলভীবাজার জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অলি আহমদ এর পিতা মৌলভীবাজার সেন্ট্রাল রোডের ব্যবসায়ী মো: এলাইছ মিয়া বলেন, “আমাদের আদরের ছোট ছেলে অলি আহমদকে সম্পূর্ণ অন্যায়ভাবে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্রেফতারের কারণে তার মা ও আমি মানুষিকভাবে ভেঁঙ্গে পড়েছি। তার মুক্তি না হওয়া পর্যন্ত আমরা শান্তিতে বসবাস করতে পারব না। যেকোনো সময় আমাদের বড় ধরনের ক্ষতি হতে পারে। প্রশাসন সহ সংশ্লিষ্টদের কাছে দ্রুত মুক্তি দাবি করছি।