জুড়ীতে সাবেক যুবলীগ নেতার বাড়ীতে হামলা ও ভাংচুর



জুড়ী প্রতিনিধি::

মৌলভীবাজার জেলার জুড়ী উপজেলার সাবেক যুবলীগ নেতা সাইদুল ইসলামের বাড়ীতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে।

সোমবার (০৫ আগস্ট) রাত ৮টার দিকে উপজেলার বাছিরপুর গ্রামে ঘটনাটি ঘটে।

স্থানীয়রা জানায়, ছাত্রজনতা ও গণঅভ্যূথানের ফলে শেখ হাসিনা সরকারের পতন হলে দেশজুড়ে আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের বাড়িতে হামলা শুরু হয়। এরই ধারাবাহিকতায় জুড়ী উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহবায়ক সাইদুল ইসলামের বাড়ীতে হামলা হয়।

জানা যায়, সাইদুল ইসলাম একসময় ছাত্রলীগের রাজনীতির সাথে জড়িত ছিলেন। প্রথমে তিনি বাছিরপুর ওয়ার্ড ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন। এরপর তিনি মৌলভীবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সৈয়দ মুজতবা আলী হলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। পড়ালেখা শেষ করে তিনি জুড়ী উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন।

সাইদুল ইসলামের মা সামছুন নাহার জানান, রাতে হঠাৎ করে বিএনপি-জামায়াতের ৪০-৫০ লোক বাড়িতে আক্রমণ করে। এসময় তারা আমার ছেলেকে খুঁজতে থাকে এবং বাড়ির বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করে। ভাংচুরে বাঁধা দেওয়ায় তারা আমাকে ও আমার ছেলের বউকে লাঞ্চিত এবং মারধর করে। বর্তমানে আমার ছেলের বউ হাসপাতালে ভর্তি রয়েছে। ভাংচুর চালিয়ে ঘরের জিনিসপত্র সকল নষ্ট করে। এবং আগুন দেবার চেষ্টা চালায়। তারা ঘরে থাকা স্বর্ণালংঙ্কার ও টাকা লুট করে নিয়ে যায়।

তিনি আরও জানান, আমাদেরকে প্রতিবেশীরা উদ্ধার করে নিয়ে যায়। এখন আমরা ভয়ের মধ্যে আছি। কখন কি হয়? আমার ছেলে ও আমাদের পরিবারের কোন নিরাপত্তা নেই।