বড়লেখা প্রতিনিধি::
জমি-জমা নিয়ে বিরোধের জেরে আপন ভাতিজার বাড়ির প্রায় দুই লাখ টাকা মূল্যের গাছ কেটে উজাড় করার অভিযোগ উঠেছে মৌলভীবাজারের বড়লেখার বিএনপি নেতা তোতা মিয়া ও তার ছেলেদের বিরুদ্ধে। গতকাল সোমবার (১৬ ফেব্রুয়ারি) উপজেলার নিজ বাহাদুরপুর গ্রামে এঘটনা ঘটে। প্রতিপক্ষ প্রভাবশালী হওয়ায় আইনগত ব্যবস্থা নিতে পারছেন না বলে অভিযোগ করেছেন তোতা মিয়ার ভাতিজা আলভী হোসেন হানিফের মা জাসমিন বেগম।
তিনি জানান, স্বামীর মৃত্যুর পর থেকেই তাদের সম্পত্তি দখলে নেওয়ার জন্য তোতা মিয়া নানা ষড়যন্ত্র করে আসছেন।জানের নিরাপত্তার চিন্তা করে তিনি বাধ্য হয়ে দীর্ঘদিন ধরে মেয়েদের নিয়ে বিয়ানীবাজারে ভাড়া বাসায় থাকেন। একমাত্র ছেলে আলভী হোসেন হানিফ যুক্তরাজ্যে থাকায় তার গ্রামের বাড়িটি বর্তমানে ফাঁকা। এ সুযোগে তোতা মিয়া ও তার ছেলেরা জায়গার সব গাছ কেটে ফেলেছেন। প্রতিবেশীর কাছ থেকে খবর পেয়ে তিনি গতকাল (সোমবার ১৬ ফেব্রুয়ারি) বিকেলে বাড়িতে গিয়ে দেখেন, তার জায়গার প্রায় সব গাছ কেটে ফেলা হয়েছে। গাছ কাটার প্রতিবাদ জানালে তোতা মিয়া ও তার ছেলেরা তাকে মারতে আসে এবং প্রাণের মারার হুমকি দেয়। ফলে তিনি মেয়েদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভূগছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি-জমা নিয়ে দীর্ঘদিন ধরে চাচা তোতা মিয়া ও ভাতিজা আলভী হোসেন হানিফের মধ্যে বিরোধ চলে আসছে। আলভী দেশে থাকাকালে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন অপরদিকে চাচা তোতা মিয়া বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত। ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর তার বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং পুলিশ তাকে গ্রেপ্তারের জন্য একাধিকবার বাড়িতে অভিযান চালিয়েছে বলেও জানা গেছে।
এদিকে বাড়িতে কেউ না থাকার সুযোগে বিধবা নারীর গাছ কেটে নেওয়ার ঘটনায় এলাকায় সমালোচনার ঝড় উঠছে। এই ঘটনায় স্থানীয়দের মাঝে ক্ষোভ বিরাজ করছে। তোতা মিয়া বিএনপির রাজনীতিতে সক্রিয় থাকায় কেউ প্রতিবাদের সাহস পাচ্ছেনা।
অভিযোগের ব্যাপারে তোতা মিয়ার বক্তব্য জানতে ফোন দিলে তিনি কথা বলতে অপরাগতা প্রকাশ করেন।
এ ব্যাপারে বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খান বলেন, বিষয়টি তার জানা নেই। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
