মৌলভীবাজার প্রতিনিধি::
মৌলভীবাজারের কমলগঞ্জে নারীকে অপহরণের চেষ্টার ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় অপহরণের কাজে ব্যবহৃত একটি সাদা রঙের প্রাইভেটকারও জব্দ করা হয়েছে।
বুধবার (১১ মার্চ) দুপুরে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলন বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেন।
এই ঘটনায় গ্রেপ্তারকৃতরা হল মৌলভীবাজার জেলার কুলাউড়া থানার শ্রীপুর গ্রামের মতছির আলীর ছেলে মোঃ জাকির মিয়া, মৌলভীবাজার পৌর শহরের সৈয়ারপুর এলাকার আব্দুর রহমানের ছেলে মোঃ কাওছার আহমদ ও বেরিরচর এলাকার নুর মিয়ার ছেলে জসিম মিয়া (৩৬)।
পুলিশ জানায়, গত রবিবার ভোরে কমলগঞ্জ উপজেলার দক্ষিণ বালিগাঁও গ্রামের বাসিন্দা বাপ্পি এরিকের মেয়ে ও মোঃ মাসুদ পারভেজের স্ত্রী ফাতেমা পারভেজ নিশি শ্রীমঙ্গল যাওয়ার জন্য কমলগঞ্জের বটতলা বাজারে অপেক্ষা করছিলেন। এ সময় একটি সাদা রঙের প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ক-০৩-৯৪৯৪) এসে তাকে শ্রীমঙ্গল যাবেন কিনা জিজ্ঞাসা করে। তিনি যেতে অস্বীকৃতি জানালে গাড়িটি বারবার সামনে-পেছনে ঘোরাফেরা করতে থাকে। পরে তিনি বাড়ির দিকে হাঁটা শুরু করলে গাড়িটি তাকে অনুসরণ করে তার বাড়ির রাস্তায় ঢুকে পড়ে। একপর্যায়ে গাড়ির ভেতরে থাকা ব্যক্তিদের একজন নেমে তার মুখ চেপে ধরে ১০-১২ হাত টেনে নিয়ে জোরপূর্বক গাড়িতে তুলে অপহরণের চেষ্টা করে। এ সময় তিনি ধস্তাধস্তি করে তাদের হাত থেকে ছুটে পালিয়ে নিরাপদে চলে যেতে সক্ষম হন।
এ ঘটনায় ভিকটিমের অভিযোগের প্রেক্ষিতে কমলগঞ্জ থানার একটি মামলা (মামলা নং-০৭) দায়ের করা হয়।
ঘটনার পর একাধিক টিম সিসি ক্যামরার ফুটেজ, তথ্যপ্রযুক্তি এবং ম্যানুয়াল সোর্সিংয়ের মাধ্যমে অভিযান শুরু করে পুলিশ। মঙ্গলবার সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিলেট মহানগরীর সোবহানীঘাট এলাকার আত্মা কমিউনিটি সেন্টারের ভেতর থেকে অপহরণের কাজে ব্যবহৃত সাদা রঙের প্রাইভেটকারটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এই চক্রের সবাই নানা অপরাধের সাথে জড়িত। রমজান মাসে ভোরে বেলা ফাঁকা রাস্তায় মেয়েটিকে একা পেয়ে তারা ধর্ষণের টার্গেট করে অপহরণের চেষ্টা চালিয়েছিল বলে জানা গেছে। গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সস্তা হোটেলে রাত কাটাতো আর এই গাড়িটি ব্যবহার করেই সিলেট অঞ্চলে ঘুরে নানান অপরাধ করে আসছিল। তারা মাদক, চুরি, ডাকতি এবং ছিনতাইয়ের সাথে জড়িত মর্মে তথ্য পাওয়া গিয়েছে।
গ্রেপ্তারকৃত জাকির, কাওসার এবং জসিমের বিরুদ্ধে চুরি এবং মাদক আইনে একাধিক মামলা রয়েছে। এছাড়া তাদের দলের জাহাঙ্গীরের (পলাতক) বিরুদ্ধে ডাকাতিসহ ৩টি মামলা রয়েছে।
সংবাদ সম্মেলন উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস), নোবেল চাকমা, শ্রীমঙ্গল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোঃ ওয়াহিদুজ্জামান রাজু।
