নিজস্ব প্রতিবেদক::
পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের আমলে গুমের শিকার বিএনপি নেতার বাবা সহযোগিতা চাইতে গিয়ে স্থানীয় এমপির হেনস্থার শিকার হলেন। গতকাল শনিবার (৪ এপ্রিল) মৌলভীবাজার সদর থানাধিন কুসুমবাগস্থ এম নাসের রহমান এমপির বাসায় এই ঘটনা ঘটে। গুমকৃত ঐ বিএনপি নেতার নাম রুবেল মিয়া। তিনি মৌলভীবাজার জেলার সদর উপজেলার সাতহাল নিমারাই গ্রামের মবশ্বির মিয়ার পুত্র। 
স্থানীয় সূত্রে জানা গেছে, পতিত আওয়ামী সরকারের আমলে ২০২৪ সালের ১০ মার্চ মৌলভীবাজার জেলা শহর থেকে গুম হন মৌলভীবাজার সদর থানাধিন ৪নং আপার কাগাবালা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুবেল মিয়া। তিনি সদর উপজেলার সাতহাল নিমারাই গ্রামের মবশ্বির মিয়ার পুত্র। এই ঘটনায় ১১ মার্চ সদর থানায় একটি সাধারণ ডায়রী করেন রুবেল মিয়ার বাবা। এখন পর্যন্ত তার সন্ধান মিলেনি। এদিকে ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী সরকারের পতনের পর বিগত অন্তর্বর্তকীকালিন সরকারের আমলে গঠিত গুম কমিশনে ১৭/০৫/২০২৫ ইং তারিখ  একটি অভিযোগ দায়ের করেন নিখোঁজ রুবেলের বাবা। কিন্তু বিএনপি সরকার ক্ষমতায় এসে সেই গুম কমিশনের কার্যক্রম বাতিল করে। ফলে রুবেলের গুম রহস্য ফের অন্ধকারে চলে যায়। 
এদিকে ছেলের গুমের বিষয়ে কথা বলতে ও সহযোগিতা চাইতে গতকাল শনিবার রাতে মৌলভীবাজার সদর আসনে বিএনপি থেকে নির্বাচিত এম নাসের রহমান এমপির সদর থানাধিন কুসুমবাগস্থ বাসায় যান গুমকৃত রুবেলের বাবা মবশ্বির মিয়া। তাকে দেখেই রাগান্বিত হয়ে যান এমপি। এসময় দুর্ব্যবহার করে তাকে বাসা থেকে বের করেও দেন তিনি। আর কোনদিন এ বিষয়ে তার সামনে না আসারও নির্দেশ দেন এমপি।
ছেলের গুমের বিচারে সহযোগিতা চাইতে গিয়ে এমপির হেনস্থার শিকারের ঘটনায় নেতাকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করলেও কেউ ভয়ে মুখ খুলতে সাহস করছেনা। 
এ ব্যাপারে নিখোঁজ রুবেলের বাবা মবশ্বির মিয়া বলেন, ছেলে বিএনপি করতো। হাসিনা সরকার তাকে গুম করেছে। বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায়। এই সরকারের এমপিরা যদি আমাদের তাচ্ছিল্য করেন , তাঁড়িয়ে দেন। তখন বিচারের আশা ছেড়ে দেয়া ছাড়া আর কোন উপায় নেই।
এই বিষয়ে মৌলভীবাজার-৩ (মৌলভীবাজার সদর ও রাজনগর ) আসনের এম.পি এম নাসের রহমানের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।