সরকারি নির্দেশনা উপেক্ষিত মৌলভীবাজারে সকাল সাড়ে ৮টা জ্বলছে বিদ্যুৎদিক বাতি

নিজস্ব প্রতিবেদক::

বৈশ্বিক সংকট মোকাবিলায় সব ধরনের সরকারি, স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সংস্থা ও কর্পোরেশনসহ সব কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীদের বিদ্যুৎ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী ও দায়িত্বশীল আচরণ নিশ্চিত করতে নির্দেশনা দিয়েছে সরকার।

কিন্তু মৌলভীবাজারের অধিকাংশ অফিস সরকারের এ নির্দেশনা মানছেন না। অফিস প্রধানদের তদারকির অভাবে এবং নৈশ প্রহরীদের দায়িত্বহীনতায় এমনটি হচ্ছে। ৬ এপ্রিল সকাল ৭.৫১ মিনিট থেকে ৮.২৮ মিনিট পর্যন্ত শহরের গুরুত্বপূর্ণ অফিস পরিদর্শন করে এমন চিত্র দেখা যায়।

সরেজমিন মৌলভীবাজার শিশু একাডেমীতে ৭.৫১ মিনিট, মৌলভীবাজার কেন্দ্রীয় সমবায় ব্যাংকে ৭.৫৩ মিনিট, শিল্পকলা একাডেমীতে ৭.৫৮ মিনিট, মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে ৮.০৬ মিনিটে প্রায় শতাধিক বাতি ও মৌলভীবাজার সদর উপজেলা পরিষদের গেইটে ৮.২৮ মিনিটে পরিদর্শন করে বাতি জ্বলতে দেখা যায়।

অথচ খোঁজ নিয়ে জানা গেছে অধিকাংশ সরকারি অফিসে নৈশ প্রহরী রয়েছেন। তারা কেউ যথাযথভাবে দায়িত্ব পালন করছেন না। 

এদিকে খোঁজ নিয়ে জানা যায়, দিনের বেলায়ও অধিকাংশ অফিসে অতিরিক্ত বৈদ্যুতিক বাতি ও এসি ব্যবহার করা হয়।